হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার বিকাল ৫টা ৪ মিনিটে ঢাকা মেডিক্যালে এসে পৌঁছায়। এসময় ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এবং ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন তাকে রিসিভ করেন, এরপর আইসিইউতে ভর্তি করা হয়।
এর আগে শাহরিন আহমেদের মা ফেরদৌসী মোশতাক হাসপাতালে এসে পৌঁছান। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।
এর আগে ডা. পার্থ শংকর পাল বলেছিলেন, ‘শাহরিনকে বার্ন ইউনিটে নিয়ে আসা হবে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে।’ শাহরিন আহমেদ ঢাকায় পৌঁছার আগেই বিমানবন্দরে অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। দুজন নার্সও এসেছেন অ্যাম্বুলেন্সের সঙ্গে। সুমন কুমার সরকার ও সুমনা খানম এই দুজনই ঢামেক এর সিনিয়র স্টাফ নার্স।
এর আগে বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি নাগরিকদের দেখতে গিয়ে রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের বলেন, ‘একজন আজ দেশে যাচ্ছেন। তার নাম শাহরিন আহমেদ। বিমান ঠিক সময়ের আসলে দুপুর দেড়টার ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।’
গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।
<>