জাতীয় স্বার্থে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান গওহর রিজভীর

সফলভাবে কোর্স সমাপ্তকারীদের মধ্যে সনদ বিতরণ করছেন ড. গওহর রিজভী (ছবি- আইএসপিআর)জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স-২০১৮/১’-এর সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স-২০১৮-১ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ মার্চ) এই কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. গওহর রিজভী। সফলভাবে কোর্স শেষ করায় ফেলোদের ধন্যবাদ জানান তিনি।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী তার বক্তব্যে জ্ঞান ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সামরিক ও বেসামরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সবার ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ক্যাপস্টোন কোর্সে ৯ জন সংসদ সদস্য, তিন জন সিনিয়র সামরিক কর্মকর্তা, চার জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা, দুই জন প্রখ্যাত শিক্ষাবিদ, নীতি নির্ধারণী পর্যায়ের একজন চিকিৎসক, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, ১ জন ব্যাংক ও আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, সাত জন ব্যবসায়ী, তিন জন গণমাধ্যম ব্যক্তিত্ব, একজন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, একজন শিক্ষাবিদ এবং একজন অনারারি কনসাল জেনারেলসহ ৩৪ জন ফেলো অংশ নেন।
সনদ বিতরণী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের অনুষদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।