‘পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণকে ভুলিয়ে দিতে সে স্থানে জিয়া শিশুপার্ক বানিয়েছেন’

বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

পাকিস্তানি হানাদার বাহিনী যে স্থানে বাঙালিদের কাছে আত্মসমর্পণ করেছে, সে আত্মসমর্পণকে ভুলিয়ে দেওয়ার জন্য ওই জায়গাটিতে জিয়াউর রহমান শিশু পার্ক বানিয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ৷ 

আজ রবিবার (২৫ মার্চ) সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের 'স্মৃতিস্তম্ভ' চত্বরে গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায়  মুখ্য আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন ৷ 

মন্ত্রী বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণকে জাতি যাতে ভুলে যায় সেজন্য এখানে (সোহরাওয়ার্দী উদ্যান)  জিয়াউর রহমান শিশু পার্ক বানিয়েছিলেন। এটা করা হয়েছিল পাকিস্তানিদের আত্মসমর্পণকে ভুলিয়ে দেওয়ার জন্য, ৭ ই মার্চের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য ৷

তিনি আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ভারতীয় সেনাবাহিনী, মিত্রবাহিনী এদেশ থেকে চলে যাবে ৷  আজকে সে স্থানকে শিশুপার্ক বানানো হয়েছে ৷ এখানে শিশুরা আসবে, কিন্তু সকল সত্য যেন প্রতিষ্ঠিত হয় ৷ সেজন্য এই শিশু পার্ককে সাজাতে হবে ।’

আলোচনা সভায় অংশ নিয়ে প্রাথমিক ও  গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকে যেখানে দাঁড়িয়ে আছি  এটা হলো ৭ ই মার্চের ভাষণের ঐতিহাসিক স্থান ৷ এই সোহরাওয়ার্দী উদ্যান না থাকলে বাংলাদেশের ইতিহাস থাকে না ৷ এখানে শিশু পার্ক কেন বানানো হয়েছিল? এটা সকলে জানেন ৷’ 

অনুষ্ঠানে গণহত্যা দিবস উপলক্ষে 'গণহত্যার দুর্লভ আলোকচিত্র'  প্রদর্শন করা হয় ৷ আলোক চিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তা ঘুরে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসাইন প্রমুখ ৷