স্বাধীনতা দিবসের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

(বাঁ থেকে) মো. আবদুল হামিদ, শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পবাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথক দুটি চিঠিতে ২৬ মার্চ উপলক্ষে শুভকামনা জানান তিনি। রবিবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিগুলো দেওয়া হয়েছে গণমাধ্যমে। 

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে আমেরিকার জনগণকে নিয়ে আমিও শামিল হবো। বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির প্রশংসা করি আমরা। একইসঙ্গে গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের অংশীদারিত্বকে জোরদার করতে চাই। আমাদের আন্তরিকতা উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।’

চিঠিতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আপনাকে ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশিদের সহানুভূতিশীল মানসিকতাকে যুক্তরাষ্ট্র হৃদয় থেকে সম্মান জানাচ্ছে।’

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রোহিঙ্গা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই নারী-পুরুষ ও শিশুদের প্রয়োজনে পাশে দাঁড়ানো ও তাদের সহায়তায় যা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই।’
দুটি চিঠিরই শেষে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশের সব জনগণের প্রতি রইলো আমার শুভকামনা।’