বঙ্গবন্ধুর উন্নয়নের পথ ধরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ: বাণিজ্যমন্ত্রী






বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বাঙালি বীরের জাতি, চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে।’
রবিবার (২৫ মার্চ) ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তরণ: নৌপরিবহন সেক্টরে অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা শূন্য হাতে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিন বছর সাত মাস দেশ পরিচালনা করে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। বঙ্গবন্ধুর উন্নয়নের পথ ধরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।’
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুস সামাদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি বা বিশ্বের গরিব দেশের মডেল নয়, উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনা খুবই উজ্জল। ওষুধ, আইসিটি, ফার্নিচার, জাহাজ নির্মাণসহ বেশ কিছু খাতে রফতানি বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। ১৬ কোটি মানুষের বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে ১২৯টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশের তৈরি ওষুধ।’
তোফায়েল আহমেদ বলেন, ‘জাতিসংঘ, বিশ্বব্যাংক,এডিবিসহ বিশ্বের সব উন্নয়ন সংস্থা বাংরাদেশের উন্নতির প্রশংসা করছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশে উন্নতি খুঁজে পায় না। অথচ তারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। মানুষের কল্যাণে গড়ে তোলা ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পদ্মা সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলি টানেল, মেট্রোরেল নির্মাণের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে চলছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশের ৩৫ ভাগ মানুষ পানিপথে যাতায়াত করে। নদীপথ অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশৃঙ্খল অর্থনীতিকে সুশৃঙ্খল করেছেন। দেশের অর্থনীতি এখন সঠিক পথেই পরিচালিত হচ্ছে। দেশের দরিদ্র ও হতদরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। মানুষ এখন কর্মমুখী হয়েছে।’