সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন এবং সব স্তরের মানুষকে সকাল ৮টায় একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৫ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার হোসেনের সই করা এক জরুরি চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সোমবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য সকাল ৮টায় সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত গাইবেন। একই সময় দেশব্যাপী জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
চিঠিটি খুব জরুরি উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর এবং কল্যাণ সুবিধা বোর্ডের সদস্য সচিবসহ অন্তত ১৫টি প্রতিষ্ঠান ও সংগঠনকে এ অনুরোধ জানানো হয়েছে।