প্রধানমন্ত্রীর সঙ্গে ফাতাহ নেতার সাক্ষাৎ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ফাতাহ নেতার বৈঠক (ছবি- পিআিইডি)স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ফের বাংলাদেশের সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে এই ভ্রাতৃপ্রতিম দেশের জন্য বিশেষ স্থান রয়েছে।
ঢাকা সফররত ফাতাহ আন্দোলনের মহাসচিব এবং ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিলিস্তিন অলিল্পিক কমিটির সভাপতি জেনারেল জিবরিল রাজুব রবিবার (২৫ মার্চ) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ইহসানুল করিম বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
জেনারেল জিবরিল রাজুব সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিন কখনোই আপোস করবে না।
ফাতাহ আন্দোলনের মহাসচিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি বঙ্গবন্ধুর নিঃশর্ত সমর্থনের কথা স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি ফিলিস্তিনেরও।’
জেনারেল জিবরিল রাজুব বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ফিলিস্তিন মধ্যপ্রাচ্য সংকটের একটি শান্তিপূর্ণ ও অহিংস সমাধান চায়। কিন্তু ইসরাইল একতরফাভাবে গণহত্যা চালাচ্ছে, এটি অবশ্যই বন্ধ করতে হবে।
দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ জানিয়ে জেনারেল জিবরিল রাজুব বলেন, ফিলিস্তিনের অনেক শিক্ষার্থী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অধ্যয়ন করছে। নর্দার্ন ফিলিস্তিন কর্তৃপক্ষ সর্বসম্মতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি প্রধান সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা ও তুরস্কের প্রেসিডেন্ট সোলেমান ডেমিরেলের সঙ্গে ইয়াসির আরাফাতও ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
জিবরিল রাজুবের মাধ্যমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে শুভেচ্ছা পাঠান প্রধানমন্ত্রী।
ইহসানুল করিম বলেন, সাক্ষাৎকালে জেনারেল জিবরিল রাজুব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানান।
আামন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে ফিলিস্তিন সফর করবেন বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন। বাসস।