হুথি বিদ্রোহীদের মিসাইল আক্রমণের ঘটনায় ঢাকার চরম উদ্বেগ

ক্ষেপণাস্ত্র (প্রতীকী ছবি)রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের মিসাইল আক্রমণের ঘটনায় চরম উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ হুথি বিদ্রোহীদের এ ধরনের একতরফা আচরণের চরম বিরোধিতা করে। এ ধরনের আচরণ আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, সৌদি আরবের সরকার ও জনগণের অধিকার আছে তার নিরাপত্তাজনিত হুমকি প্রতিহত করার। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এমন যেকোনও কাজ প্রতিহত করার জন্য আমরা সৌদি আরবের পাশে আছি।