মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১১ বীর নারীকে সম্মাননা

1মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করায় ১১ বীর নারীকে সম্মাননা প্রদান করেছে ৭১ ফাউন্ডেশন।

স্বাধীনতা দিবসের ৪৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী সম্মাননাপ্রাপ্ত এই বীর নারীদের পদক প্রদান করেন।

৭১ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাট্যনির্দেশক চলচ্চিত্র নির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. নুজহাত চৌধুরী এতে বক্তব্য রাখেন।

সম্মাননাপ্রাপ্ত বীর নারীরা হলেন, জাহানারা ইমাম (মরণোত্তর), জওশন আরা রহমান, শেফালী দাস, কল্যাণী ঘোষ, ইলা দাস , ডা. লায়লা পারভীন বানু, মুকুল মজুমদার দীপা, সাদিয়া কামাল, প্রফেসর ড. এসএম আনোয়ারা বেগম আনু, ডালিয়া নওশিন ও সালমা হক। খবর বাসস।