বৈঠক সূত্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী শ্রমিকদের জন্য আশুলিয়ায় ওই হোস্টেলটি নির্মাণ করছে বলে বৈঠকে অবহিত করা হয়। এ সময় জানানো হয়, হোস্টেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু পোশাক খাতের নিম্ন আয়ের শ্রমিকদের সঙ্গে সামঞ্জস্য না রেখে অনেকটা বিলাসবহুল করা হয়েছে এই হোস্টেল। এই হোস্টেল যেভাবে সাজানো হয়েছে এবং এর পেছনে যে খরচ করা হয়েছে, তাতে একজন শ্রমিককে সেখানে থাকতে হলে মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে হবে। সংসদীয় কমিটি মনে করছে, পোশাক খাতের একজন কর্মীর পক্ষে এত টাকা ভাড়া দিয়ে থাকা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয়। এ কারণেই হোস্টেল নির্মাণের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বৈঠকে।
এদিকে, সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি সংসদীয় কমিটি হোস্টেলটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে।
এ ছাড়া, কমিটি উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন প্রকল্পে সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যসহ স্থানীয়ভাবে নির্বাচিত নারী সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে।
কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন ও শাহানারা বেগম বৈঠকে অংশ নেন।
আরও পড়ুন-
ধর্ষকদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
তিন ভাগ হচ্ছে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আসন