এর আগে, বৃহস্পতিবার (২৯ মার্চ) বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম নামটি ইংরেজিতে চিটাগং (Chittagong) হিসেবে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে বানান পরিবর্তন করে ‘Chattagram’ করার সুপারিশ করা হয়েছে। একইভাবে বরিশালের ইংরেজি বানান ‘Barisal’ পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে ‘Barishal’; কুমিল্লার বর্তমান ইংরেজি বানান ‘Comilla’ পাল্টে ‘Kumilla’; যশোরের ইংরেজি বানান ‘Jessore’ থেকে ‘Jashore’ এবং বগুড়ার ‘Bogra’ ইংরেজি বানান বদলে ‘Bagura’ করার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার প্রধানমন্ত্রী এবং নিকারের আহ্বায়ক শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় নিকারের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব ওঠার কথা রয়েছে।
কবে নাগাদ এ কাজ শেষ হবে—জানতে চাইলে সচিব শফিউল আলম বলেন, এগুলো সময়সাপেক্ষ কাজ। কিছু সময় তো লাগবেই। এক্ষেত্রে অনেক জেলার নামের অতীত প্রেক্ষাপট, ভাষার ব্যবহার, নামের বাংলা ও ইংরেজি উচ্চরণ ও অর্থসহ অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। ভাষাবিদদের সঙ্গেও কথা বলার প্রয়োজন হতে পারে। তবে পর্যায়ক্রমে এগুলো শনাক্তের কাজ শেষ হবে।
এদিকে, পর্যায়ক্রমে অন্য জেলাগুলোর নামের ইংরেজি বানানেও পরিবর্তন আনা হতে পারে বলে শুক্রবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। তারা দেশের বিভিন্ন জেলার নামের বাংলা ও ইংরেজি বানানের ক্ষেত্রে অসঙ্গতিগুলো শনাক্তে কাজ করছেন।