মস্কোকে ওপিসিডব্লিউ বিষয়ে ঢাকার অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী

 মস্কোতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে করমর্দন করছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী

রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অফ  কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)-এর বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। অন্যদিকে, সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনার জন্য আগামী বুধবার (৪ এপ্রিল) এ সংস্থাটির বিশেষ সেশন বসাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

সোমবার (২ এপ্রিল) রাশিয়ার রাজধানী মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলি এবং রাশিয়ার পক্ষে তাদের পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ।

প্রসঙ্গত ২০১৮ সালের জন্য ওপিসিডব্লিউ এর নির্বাহী কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল এ দায়িত্ব পালন করবেন।

বৈঠকে উপস্থিত থাকা সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি  সিরিয়া কেমিক্যাল অস্ত্র ব্যবহার বা যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট ব্যবহার করে রুশ গুপ্তচর হত্যাচেষ্টার তদন্ত করছে ওপিসিডব্লিউ।এ সংস্থার নির্বাহী প্রধানের দায়িত্ব পাওয়ার কথা থাকায় বিষয়গুলো নিয়ে আরও আলোচনা চায় রাশিয়া। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। এসময় বাংলাদেশ ওপিসিডব্লিউ’র বিষয়ে নিজস্ব অবস্থান রাশিয়ার কাছে পরিষ্কার করেছে। রাশিয়া এরপরে আগামী বুধার সংস্থাটির বিশেষ সেশন বসাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে ওই কর্মকর্তা আরও জানান,‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। তৃতীয় কোনও দেশের পক্ষ আমরা নেবো না এবং আমরা আমাদের নিরপেক্ষতা বজায় রাখবো।’

তিনি বলেন, ‘‘রাশিয়ার পক্ষ থেকে গুপ্তচর হত্যাচেষ্টার বিষয় এবং সিরিয়াতে কেমিক্যাল অস্ত্র ব্যবহারের বিষয়ে বৈঠকে আমাদেরকে জানানো হয় এবং  এর ‘রাজনীতিকীকরণ অগ্রহণযোগ্য’বলে রাশিয়া মন্তব্য করে। আমরা তাদের বক্তব্য শুনেছি এবং আমাদের অবস্থান তাদের জানিয়েছি।”

উল্লেখ্য, গত ২২ মার্চ রাশিয়া গুপ্তচর হত্যাচেষ্টার বিষয়ে তাদের অবস্থান সম্পর্কিত একটি নোট বাংলাদেশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে,৪ মার্চ ওই ঘটনা ঘটার কয়েক দিন পরে বাংলাদেশকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছিল যুক্তরাজ্য।

এদিকে রুশ সংবাদ সংস্থা তাস  দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমরা ওপিসিডব্লিউতে কীভাবে রাষ্ট্রগুলো সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা করেছি।’

তাস আরও জানায়, আগামী ৪ এপ্রিল ওপিসিডব্লিউ এর বিশেষ সেশনে রাশিয়ার প্রস্তুতি নিয়েও দুইপক্ষ আলোচনা করেছে।

ওপিসিডব্লিউ বিশেষ সেশন বিষয়ে জানতে চাইলে নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিশেষ সেশন হবে। তবে এ বিষয়ে এখনও আমি কোনও কাগজপত্র পাইনি।’

রাজনীতিকীকরণের বিষয়ে তিনি বলেন, এই সংস্থায় আমার কোনও পক্ষ নেওয়ার উপায় নেই।