পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক: আইনমন্ত্রী

সেমিনারে আইনমন্ত্রীপার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার দ্রুততম সময়ে শান্তি চুক্তির সব বিষয়াদি বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে।’ 

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিষ্পত্তিকরণে রাষ্ট্রীয় পদক্ষেপ ও বাধাসমূহ নিরূপণে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বিআইআইএসএস।

মন্ত্রী বলেন, ‘১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি সইয়ের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চুক্তিটির পূর্ণ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ১৯৯৯ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০০১’ প্রণয়ন ও ২০১৬ সালে এর সংশোধনী আনে। এভাবেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। 

উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার প্রমুখ।