আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার বদরুল আলম

হাইকোর্টসুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার পদে (প্রেষণে) মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞাকে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুল আলম ভূঞাকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ করেছেন।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। ১৭ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার ড. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই বছরের ৪ মার্চ ড. জাকির হোসেনকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে পদটি দীর্ঘদিন খালি থাকায় সেখানে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেন প্রধান বিচারপতি।