সাম্প্রদায়িক সম্প্রীতিকে জনগণের মেলবন্ধনের চাবিকাঠি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি বাংলা ভাষাভাষিদের সংস্কৃতি ও শিল্প সাহিত্যকে একটি ভিন্ন ধারায় নেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু চার হাজার বছরের বাঙালি সভ্যতায় বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ যে নতুন শক্তি যুগিয়েছে, তা সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিতে যথেষ্ট।’
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
এসময় সংসদ সদস্য সৈয়দ রেজাউল করিম তানসেন; ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সুকুমার রুজ, সংগীত শিল্পী অর্চনা বসু, সংগীত শিল্পী কুমকুম সেন গুপ্ত, অভিনেত্রী কেয়া বসাক, সংগীত শিল্পী দীপ্তী গুহ, রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি পূরবী দাস, বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কোষাধ্যক্ষ ছবি সরকার; গজল, ঠুমরি ও ভজন শিল্পী গোবিন্দ কুমার পাল, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী পুলিন বিহারী পাল, নৃত্যশিল্পী ও চলচ্চিত্র অভিনেত্রী উজস্বী দত্ত, নৃত্যশিল্পী প্রলয় কুমার দত্ত, সংগীত শিল্পী অজিত কুমার গুহসহ বাংলাদেশের অভিনেতা নাদের চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক ধীমন বড়–য়া, সাংবাদিক জোবায়ের নোবেল, সাংবাদিক আব্দুস সালাম রানা, চলচ্চিত্র দর্শক সমিতির মহাসচিব ফিরোজ কবীর আকাশ উপস্থিত ছিলেন।