যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য নববর্ষের শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহারপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের (১৪২৫) প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার দেশের সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের শুভেচ্ছার নিদর্শনস্বরূপ গত বছরের মতো এ বছরও রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর, উপ-প্রেস সচিব আশরাফুল আলম  খোকন ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস তাদের কাছে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদদের পরিবারের সদস্যদের স্মরণ করায়, তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ধন্যবাদ জানান।
এছাড়া, মোহাম্মদপুরে ১৩ তলাবিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আবাসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জানান, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল তারা যথাযথ সম্মান পান।

সূত্র:বাসস