বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনের তফসিল মে মাসে





নির্বাচন কমিশনআগামী মে মাসের মাঝামাঝি শূন্য ঘোষিত বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভোট নেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। এ কারণে আসনটি শূন্য হয়েছে।
হেলালুদ্দিন আহমেদ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনে বাগেরহাট-৩ আসনের উপনির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কমিশনের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হবে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনে সভা অনুষ্ঠিত হয়।