গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)গণপূর্ত অধিদফতর চলতি অর্থবছরে ২৯টি মন্ত্রণালয়ের প্রায় ছয় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অধিদফতর অনেক সক্ষমতাও দেখাতে পেরেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে মাত্র ১৩ মাসে তিনটি ২০ তলা ভবনের নির্মাণকাজ শেষ করেছে। এসব ভবনের গুণগত মান যাচাই করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সেখানে বিদেশিরাও বসবাস করছেন। বুধবার গণপূর্ত অধিদফতর সম্মেলন কক্ষে অধিদফতরের বাস্তবায়নাধীন প্রকল্পের পর্যালোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য জানান। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও প্রধান স্থপতি কাজী গোলাম নাসির।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘গণপূর্ত অধিদফতরের সক্ষমতা ও দক্ষতা অনেকগুণ বৃদ্ধি পাওয়ায় এখন কাজের গুণগত মানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দরপত্রের শর্তাবলি সঠিকভাবে অনুসরণ করতে হবে। দরপত্রের শর্ত অনুসরণ না করা অপরাধ। তাই এ বিষয়ে প্রকৌশলীদের সজাগ থাকতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এসব ভবন গণপূর্ত অধিদফতরই বাস্তবায়ন করছে। এরইমধ্যে বিচারপতিদের জন্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ তলা আবাসিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজিমপুর ও মতিঝিলেও আটটি ২০ তলা আবাসিক ভবন নির্মাণ শেষ করা হয়েছে।’
দুদিনব্যাপী এ সম্মেলনে সারাদেশের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা অংশগ্রহণ করছেন।