মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ করেছে মুক্তিযোদ্ধাদের সন্তানরা। আজ রবিবার (৬ মে) সকালে শাহবাগ প্রজন্ম চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। দাবিগুলো হলো, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন করতে হবে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের স্থাবর, অস্থাবর সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের আয়ত্তে আনতে হবে। যুদ্ধাপরাধীদের সন্তানদের তালিকা প্রকাশ করতে হবে। কোটা সংস্কার আন্দোলনের নামে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানার ব্যবহার করে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে যারা দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করা হয়েছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷
সমাবেশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভাপতি মেহেদী হাসান বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে বিধায় আমরা বাঙালিরা কোটার সুযোগ সুবিধা ভোগ করতে পারছি। এদিক দিয়ে তাদের সম্মানের দিকে তাকালে শতভাগ কোটাই তাদের অর্জন। মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা এদেশ পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই মহাসমাবেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি পেশ করব, যা এর আগে বিভিন্ন জেলা ও উপজেলায় জমা দেওয়া হয়েছে ।’
তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কোটা বাতিল করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এটি রাষ্ট্রীয় বিষয়। এ বিষয়ে কী হয় তা সময় বলে দেবে।’
মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেছেন।