কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, এম আবদুল লতিফ, এ, বি, এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী অংশগ্রহণ করেন।
বৈঠকে বিদ্যুৎ প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানে যাতে মানুষের কষ্ট না হয় এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আমরা সুপারিশ করেছি। মন্ত্রণালয় বলেছে তাদের প্রস্তুতি রয়েছে। তবে, প্রাকৃতিক দুর্যোগ হলে বিষয়টি তাদের নিয়ন্ত্রণে থাকে না।’
বৈঠকে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে জাইকার সহযোগিতায় করা মাস্টারপ্ল্যানের টার্গেটটি মন্ত্রণালয় পুনর্মূল্যায়ন করে ৮২ হাজার ২৯২ মেগাওয়াট নির্ধারণ করার বিষয়টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়েছে।