প্রতিবন্ধীদের নিয়োগে বিশেষ ব্যবস্থা রাখার দাবি সমাজকল্যাণমন্ত্রীর






রাশেদ খান মেননসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগে বিশেষ ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, সমাজে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত এবং সাবলম্বী করতে দেশের প্রতিটি বিভাগে একটি করে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা দরকার। পাশাপাশি চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগের ব্যাপারে বিশেষ ব্যবস্থা নিতে হবে।


সোমবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা ভবনে ‘দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ দাবি তোলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সচেতনতা বাড়াতে হবে। তথ্যপ্রযুক্তিতে দৃষ্টি প্রতিবন্ধীদের দক্ষতা রয়েছে, তারা যদি এ সেক্টরে আরও দক্ষ হয়ে উঠতে পারে তাহলে আমরা ১ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবো।’
কর্মশালার শুরুতে সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) ও সরকারের যুগ্মসচিব মো. আব্দুল্লাহ আল মামুন ধারণাপত্র উপস্থাপন করেন। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরিতে যোগদান সহজ করার জন্য সুপারিশ করা হয়। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে সুদমুক্ত ঋণসহ তাদের জন্য প্রশিক্ষণ এবং সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকারকে প্রতি অনুরোধ জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সাফায়েত হোসেন তালুকদার, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মধ্যে মনসুর আহমেদ চৌধুরী, আলী হোসেন প্রমুখ।