আজও দুদকে হাজির হননি এ কে আজাদ

এ কে আজাদ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজও হাজিন হননি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার দুদক তাকে তলব করেছিল। তবে ব্যবসায়িক কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারেননি। এজন্য তাকে ২২ মে দুদকে পুনরায় হাজির হতে বলেছে।

দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৮ মে) দুদক থেকে পাঠানো এক চিঠিতে তাকে ৯ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।

দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর স্বাক্ষর করা চিঠিতে দ্বিতীয়বারের মতো তাকে ডাকা হয়। এর আগে গত ২১ মার্চ চিঠির মাধ্যমে  ৩ এপ্রিল দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু এ কে আজাদ ৩ এপ্রিল দুদকে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনে সময় দেওয়ার পর নতুন তারিখ ৯ মে ডাকা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং সেরকারি টিভি চ্যানেল ২৪-এর মালিক।