আজ ১৩ মে, রবিবার। চার পেরিয়ে পাঁচ বছরে পা পড়লো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন কার্যালয়ে দুপুর দেড়টায় কেট কাটার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউনের ৪র্থ জন্মবার্ষিকী উদ্বোধন করেন নিউজ পোর্টালটির প্রকাশক ও লেখক ড. কাজী আনিস আহমেদ।
এ সময় ড. কাজী আনিস আহমেদ বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ‘বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই নিউজ পোর্টালের ইংলিশ ভার্সনটি উদ্বোধন করা হলো। আগামী দিনে অনেক এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ, চিফ নিউজ এডিটর দুলাল আহমেদ চৌধুরী, চিফ রিপোর্টার উদিসা ইসলাম, বাংলা ট্রিবিউন ইংলিশ ভার্সনের সমন্বয়ক এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার জামান, জয়েন্ট নিউজ এডিটর তানজিমুল নয়ন, ডেপুটি নিউজ এডিটর ফাতেমা আবেদীন নাজলা, বিনোদন ইনচার্জ মাহমুদ মানজুর, জেলা প্রতিনিধি সমন্বয়ক ও সিনিয়র সাব-এডিটর ফৌজিয়া সুলতানা, হেড অব মার্কেটিং বন্যা মির্জা, মানবসম্পদ বিভাগের প্রধান আহমেদ গোলাম আরিফ এবং বাংলা ট্রিবিউনের ঢাকা অফিসের সব সংবাদকর্মী এবং সব জেলা প্রতিনিধি।
উল্লেখ্য, পাঠকদের প্রতি দায়বদ্ধতা আর দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে আস্থার জায়গা তৈরি করেছে এই অনলাইন পত্রিকা। ২০১৪ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। মুক্তচিন্তা এবং বাকস্বাধীনতাকে প্রাধান্য দিয়ে চলছে এর এগিয়ে যাওয়ার যাত্রা। বাংলা ট্রিবিউন প্রচলিত অনলাইন পোর্টালের মতো নয়, এটি মাল্টিমিডিয়া। সংবাদ ছাড়াও প্রয়োজনীয় অডিও-ভিডিও উপস্থাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিত সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফেসবুকে লাইভ সম্প্রচার করে থাকে।