প্রজ্ঞাপনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, ধর্মঘট চলছে

ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের মিছিলপ্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধর্মঘট চলছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করে ছাত্র সমাজকে উসকে দিচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

আজ  সোমবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে হাজারো আন্দোলনকারী এসে জড়ো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

ফাঁকা ক্লাস রুমএদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বলে জানা যায়। এছাড়া ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই ধর্মঘট চলছে।

কলাভবনের ফাঁকা করিডোরএ বিষয়ে ঢাবি আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর হোসেন নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি। কিন্তু প্রধানমন্ত্রী এটি বাতিল ঘোষণা করলেও, তা বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করা এখন পর্যন্ত হয়নি। তাই আমাদের আজকে (১৪ মে) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আইন বিভাগ তা বর্জন করছি।’ ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে জানতে চাইলে ঢাবির প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়েরে সব কিছু স্বাভাবিক আছে। আজ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, তা যথা সময়ে শুরু হবে।’