কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে চাঁদা দাবি, প্রতারক আটক

আটক আতিকুল ইসলাম হৃদয় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগে আতিকুল ইসলাম হৃদয় (৩০) নামে এক প্রতারককে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ একথা জানিয়েছেন।

তিনি বলেন, কয়েকজন কাউন্সিলর প্রার্থীদেরকে ফেল করানোর ভয় দেখিয়ে এবং কয়েকজনকে জয়ী করার কথা বলে তাদের কাছে চাঁদা দাবি করে।

পুলিশ সুপার জানান, আতিকুল গত ৫ জুন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যলয়ের সহকারী অধ্যাপক ড. সিক্সন চৌধুরী বলে পরিচয় দেয়। এসময় কুশল বিনিময়ের এক পর্যায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাস করানোর আশ্বাস দিয়ে প্রার্থী নজরুল ইসলামের কাছে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে নজরুলকে নির্বাচনে ফেল করানোর ভয় দেখায় ও হুমকি দেয়। নজরুল ইসলামের এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থেকে আতিকুল ইসলাম হৃদয়কে আটক করে।

আতিকুল ইসলাম হৃদয় জিজ্ঞাসাবাদকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদেরকে পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন প্রার্থীর কাছে চাঁদা দাবি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে।