তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৪ জুন, মনোনয়নপত্র বাছাই ২৬ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই।
এর আগে গত ২৯ মে অনুষ্ঠিত কমিশন সভায় এসব নির্বাচন অনুমোদন দেওয়া হয়।
জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম মারা যাওয়ায় কুড়িগ্রাম-৩ সংসদীয় আসন গত ১০ মে শূন্য হয়। ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ২৫ জুলাই তিনটি পৌরসভায় সাধারণ ও দু’টিতে শূন্য কাউন্সিলর পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ ও চারটিতে উপনির্বাচন এবং ৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৫১টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিলের পৌরসভাগুলোর মধ্য রয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ও আড়াইহাজার এবং কক্সবাজার। এছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ড ও ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট হবে। পাঁচটি উপজেলার মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় সাধারণ ও হাবিগঞ্জের আজমিরীগঞ্জে চেয়ারম্যান, চাঁদপুরের শাহরাস্তিতে চেয়ারম্যান, রাংগামাটির নানিয়ারচরে চেয়ারম্যান ও রাজশাহীর দূর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পাঁচটির মধ্যে রয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা। বাকি ৫১টি ইউনিয়ন পরিষদের পাঁচটিতে চেয়ারম্যান ও অবশিষ্টগুলোতে ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।