নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে পরানো হলো জেনারেল র‌্যাংক ব্যাজ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হচ্ছে, ছবি:(ফোকাস বাংলা)

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
আইএসপিআর জানায়, র‌্যাংক ব্যাজ পরার পর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
গণভবনে র‌্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সামরিক সচিব, প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।