‘ভোটে সন্তুষ্ট কমিশন, ৯ কেন্দ্রের ভোট স্থগিত’

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ (ফাইল ছবি)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ সন্তুষ্টির কথা জানান।

এসময় সচিব বলেন, ‘৪২৫টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৯টি কেন্দ্র বন্ধ করা হয়েছে। বাকি ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। কমিশন ভোটে বিন্দুমাত্র অনিয়ম বরদাস্ত করেনি। কমিশনের নির্দেশেই অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বিন্দুমাত্র অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপরের ভোটে কমিশন সন্তুষ্ট।’

বিএনপি অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তাই সে বিষয়ে আমার কিছু জানা নেই।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিয়মের চিত্র প্রকাশিত হওয়ার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বাসযোগ্য নয়।’

অপর এক প্রশ্নের জবাবে সচিব আরও বলেন, ‘৯টি কেন্দ্রের বাইরে অনিয়মের কোনও তথ্য আমাদের কাছে নেই বা কেউ কোনো অভিযোগও করেনি। বিন্দুমাত্র অভিযোগ পেলে তা বন্ধ করা হয়েছে। মাননীয় কমিশন ভোটে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’