অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সাক্ষাৎ

আবুল মাল আবদুল মুহিত ও জিম ইয়ং কিমঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রবিবার (১ জুলাই) সচিবালয়ে মুহিতের সঙ্গে কিমের সাক্ষাৎ হয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শাহেদুর রহমান জানান, রবিবার সকাল পৌনে ৯টার দিকে সচিবালয়ে আসেন জিম ইয়ং কিম। পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পৌনে ১০টার দিকে তিনি সচিবালয় থেকে চলে যান। তবে অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেব্যাপারে কিছু জানানো হয়নি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম শনিবার ঢাকায় এসেছেন। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুদিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও শনিবার মধ্যরাতে ঢাকায় আসেন। তিনিও প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব আগামী সোমবার (২ জুলাই) কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো ঘুরে দেখবেন।

আরও পড়ুন- ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট