অভিভাবক সমাবেশে এসে আটক হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ ও সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহকে ছেড়ে দিয়েছে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডাকা অভিভাবক সমাবেশে এসে আটক হন তারা। সমাবেশটি পণ্ড করে দিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি অধ্যাপক রেহনুমা আহমেদকে আটক করা হয়নি। ছাত্রনেতা বাকি বিল্লাহকে গ্রেফতার করা হলেও কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, রেহনুমা আহমেদকে আটক করা হয়নি, তিনি প্রেসক্লাবের সামনেই আছেন, আর বাকি বিল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে।
সরেজমিন দেখা গেছে, অভিভাবক সমাবেশে যোগ দিতে মঙ্গলবার (৩ জুলাই) বিকালে প্রেসক্লাবে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ, সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক প্রমুখ। বিকাল সোয়া চারটার দিকে রেহনুমা আহমেদ প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এসময় অভিভাবক সমাবেশে যোগ দিতে আসা অন্য অভিভাবকরা রেহনুমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একইসময়ে একইভাবে বাকিবিল্লাহকেও আটক করা হয়। অভিভাবকদের বাধা উপেক্ষা করেই তাদের নিয়ে পুলিশের প্রিজন ভ্যান প্রেসক্লাব এলাকা ত্যাগ করে শাহবাগের দিকে চলে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, প্রেসক্লাবের সামনে সমাবেশস্থলে অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আটক করা হয় বাকি বিল্লাহ ও রেহনুমা আহমদকে। আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ আমাদের লাঞ্ছিত করে। পরিচয় দিয়েও রেহাই মেলেনি। পুলিশ আমার গায়েও হাত তুলেছে। ধস্তাধস্তি করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
এদিকে, পূর্বানুমতি না থাকার কথা বলে এ সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ।
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এখানে আসার পর পুলিশ জানিয়েছে এখানে সমাবেশ করা যাবে না। ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় আমরা পুলিশের কাছে কাগজপত্র বা নির্দেশনা দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। আর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ এবং অধ্যাপক রেহনুমা আহমেদকে পুলিশ গ্রেফতার করা হয় আমাদের মানববন্ধন শুরু হওয়ার আগেই।