না. গঞ্জে শ্রমজীবী নারীদের জন্য হোস্টেল করছে সরকার



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারনারায়ণগঞ্জে শ্রম অধিদফতরের শূন্য দশমিক ৫৫ একর নিজস্ব জমিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ৭০০ শ্রমজীবী নারীর জন্য নয় তলাবিশিষ্ট হোস্টেল নির্মাণ করছে সরকার। শনিবার (০৭ জুলাই) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো.মুজিবুল হক নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকায় মহিলা শ্রমজীবী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয় তলাবিশিষ্ট এ হোস্টেলে ৫ শয্যার হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্রও থাকবে। শ্রম অধিদফতর ও সেনাকল্যাণ সংস্থা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। ২০২০ সালের ডিসেম্বর নাগাদ হোস্টেলের নির্মাণ কাজ শেষ হবে।
এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ও সামাজিক মান সম্মত আবাসিক পরিবেশ সুনিশ্চিত করা, সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বসবাসরত মহিলা শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আধুনিক ও উন্নত শ্রম কল্যাণ সুবিধাদি সুনিশ্চিত করা, বিদ্যমান শ্রম কল্যাণ কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা, শ্রমিক প্রশিক্ষণ, পরিবার পরিকল্পনা সেবা ও অন্যান্য সেবার আধুনিক ও শক্তিশালী করা। এটি হবে ৭০০ জন কর্মজীবী মহিলা শ্রমিকের জন্য স্বল্প ব্যয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন।
এছাড়া কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের অধিকার নিশ্চিতে ও সচেতনতা বৃদ্ধিতে শ্রম কল্যাণ কেন্দ্রে সময়োপযোগী প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা এবং সংশ্লিষ্ট অঞ্চলের শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক প্রতিনিধি ও মহিলা শ্রমিকদের জন্য তথ্য প্রযুক্তি সম্বলিত জ্ঞান বৃদ্ধিতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী কাঠপট্টি মাঠে বিকেএমইএ-এর সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উদ্যোগে আয়োজিত মালিক- শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।