রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকার আশপাশের জেলার নেতাদের আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।
তিনি জানান, ২১ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার অর্জনের কারণে আমরা আগামী ২১ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাকে গণসংবর্ধনা দেবো। অর্জনগুলোর মধ্যে একটা হচ্ছে- বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছে, এ শুভযাত্রার যিনি অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশে আজ এ উন্নয়ন সম্ভব হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আজ মহাকাশে। এটাও আমাদের একটা বড় অর্জন। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের।’
তিনি আরও জানান, আমরা এ অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ করবো। গণসংবর্ধনার সাজসজ্জা ও প্যান্ডেলের জন্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে দায়িত্ব দিয়েছিলাম। তারা তাদের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন।
সভায় ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আবদুল মতিন খসরু; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী; তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া; কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও রিয়াজুল কবির কাওছার; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।