ডিসিদের সব অসমাপ্ত কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি: এলজিআরডি মন্ত্রী

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত যত অসমাপ্ত কাজ আছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দিয়েছি। জেলার অভিভাবক হিসেবে এসব কাজের তদারকি ও বাস্তবায়ন তাদের দায়িত্বের ওপর বর্তায়।’

বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প প্রধানমন্ত্রীর। এ প্রকল্প বাস্তবায়নে ডিসিদের সর্বাধিক মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ডিসিদের মতপার্থক্য হয়। স্থানীয় সরকার কর্মকর্তাদের সঙ্গেও তাদের মতপার্থক্য হয়। তবে এটা কোনও সমস্যা নয়। এ মতপার্থক্যের কারণে কাজ নিয়ে স্থানীয় রাজনীতিবিদ বা স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে ডিসিদের কোনও সমন্বয়হীনতা নেই। আমার মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আমারও তো মতপার্থক্য হয়।’

জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে –এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমার নয়।’