আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জেলা প্রশাসকদের (ডিসি) বলেছেন, এমন কোনও কাজ আপনারা করবেন না যাতে সরকার এমবারেস ফিল করে। কোনও চাপের কাছে মাথানত করবেন না। তিনি বলেন, ‘নতুন কোনও স্বপ্ন দেখাতে চাই না। যে স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে, যেমন- পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল এগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে। আর এজন্য ডিসিদের নির্দেশ দিয়েছি।’ বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামীতে কোরবানির ঈদ , ভারী বর্ষণ, চলবে ভারী যানবাহন। তার ওপরে পশুবাহী ট্রাক, পশুর হাট, চলবে তিন চাকা চালিত অন্যান্য যানবাহন। সবগুলোকে সমন্বয় করে ঘরমুখো মানুষকে ঘরে পৌঁছে দেওয়া এবং ঈদের পর আবারও কর্মস্থলে ফিরিয়ে আনা। এটি একটি চ্যালেঞ্জিং কাজ। ঈদের আগের তুলনায় পরে দুর্ঘটনা বেশি ঘটে। তাই ডিসিদের এই সময়ে যানবাহন ও সড়ক ব্যবস্থাপনা মনিটর করার নির্দেশ দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘অক্টোবরে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে। মাত্র পৌনে তিন মাস সময় বাকি আছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের যে মেসেজ দেওয়ার তা সরকারপ্রধান দিয়েছেন। এক্ষেত্রে উনার মেসেজও আমাদের মেসেজ।’
ডিসিরা দায়িত্ব পালনের সময় কোনও রাজনৈতিক দলের কাছ থেকে চাপ অনুভব করেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই অধিবেশনে আমি ও রেলপথমন্ত্রী উপস্থিত ছিলাম। উনারা আমাদের মন্ত্রণালয়ের গণ্ডির বাইরে কোনও কিছুই বলেননি। ডিসিদের বলেছি, মন্ত্রী ও এমপিদের প্রটোকল দেওয়ার দরকার নেই। এতো প্রটোকল দিলে কাজ করবেন কখন। আমি গেলে আমাকেও প্রটোকল দেওয়ার দরকার নেই। প্রটোকল নয়, কাজ করুন।’