বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে বই ‘৩০৫৩ দিন’ এর মোড়ক উন্মোচন

‘৩০৫৩ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে রচিত পুস্তক ‘৩০৫৩ দিন’ -এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের আগে তিনি এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম। তিনি সাংবাদিকদের জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর কিছু আলোকচিত্র এবং জেলখানার ঘটনা নিয়ে রচিত এই পুস্তক ‘৩০৫৩ দিন’ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।
বইটি তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ এবং কারা অধিদফতর।