শর্ত ভঙ্গকারী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির



সংসদীয় কমিটির বৈঠকহজযাত্রী পরিবহণে শর্ত ভঙ্গকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি বাংলাদেশ বিমানকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালুর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। সোমবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটি সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম।
বৈঠকে ঈশ্বরদী বিমান বন্দরের রানওয়ের লিজের জমি উদ্ধার ও এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার জন্য বিমান মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এছাড়া, কার্গো বিমানের মালামাল সময়মতো বিমানবন্দর খালাস না করলে বেশিহারে জরিমানা ধার্যসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন পিপিপিতে হোটেল নির্মাণ প্রকল্প গ্রহণের আগে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব নেওয়ার সুপারিশ করে কমিটি।