বাসচাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। সোমবার (৩০ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিমানবন্দর সড়কে বাসচাপায় যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের আমি আশ্বস্ত করছি, তাদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে।’
তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য আমি স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।’
রবিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় ১০-১২ জন আহত হয়েছে। খবর বাসস।