রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় নটরডেম কলেজ ও মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীরা। তারা সড়কে ব্যারিকেড দিয়ে স্লোগান দেয় এবং পরে কয়েকটি গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে তারা চালক ও গাড়ির কাগজপত্র চেক করে। তবে তারা কোনও গাড়ি ভাঙচুর করেনি।
নটডেমের শিক্ষার্থী মিশু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। কোনও গাড়ি ভাঙচুর করছি না। আমরা সড়কের সব হত্যার বিচার চাই। যেসব গাড়ির লাইসেন্স নেই, সেগুলো সড়কে নিরাপদ না হওয়ায় চলতে দেওয়া হচ্ছে না।’
শাহবাগের দিক থেকে আসা স্বাধীন পরিবহনের একটি বাস থামায় সাদা ইউনিফর্ম পরা কিছু ছাত্র। তারাই গাড়িটি কাওরানবাজার সিগন্যালে থামায়। চালকের কোনও লাইসেন্স না থাকায় ছাত্ররা যাত্রীদের বলে, ‘আপনারা নেমে যান, আমরা গাড়ির কিছু করবো না। এই গাড়ি নিরাপদ না।’
এ সময় উল্টোপথে গাড়ি চালানোর জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পুলিশের গাড়ি ফিরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।