বুধবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসঙ্গে কমিটি বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে সংসদ ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, মো. সোহরাব উদ্দিন ও সেলিমউদ্দিন।
বৈঠকে ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সফল কূটনীতির কারণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায় সম্ভব হওয়ায় এবং চীন ও রাশিয়ার ক্ষেত্রে তাদের চিন্তা চেতনায় ইতিবাচক পরিবর্তন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে বিদেশের মিশনসমূহে কর্মরত স্থানীয়ভিত্তিক নিয়োগ পাওয়াদের চাকরির শর্ত, সুযোগ, সুবিধা ও নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের নিয়োগের ক্ষেত্রে স্বাগতিক দেশের স্থানীয় শ্রম আইনের প্রতিফলন ঘটিয়ে নীতিমালা প্রণয়নের পাশাপাশি নীতিমালা চূড়ান্ত করার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নীতিমালার খসড়া স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।