শুক্রবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ ও নিরাপদ সড়কের দাবিতে আজ শুক্রবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সকাল সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়। সরকারকে আগামী রবিবার থেকে নিরাপদ সড়ক সংক্রান্ত ৯ দফা দাবি বাস্তবায়নের শর্ত দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। দাবিগুলো বাস্তবায়ন না হলে এরপর শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামার কথা জানিয়েছেন তিনি।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ কীভাবে পালিত হবে তা জানতে চেয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এই নির্দেশনা কারা, কীভাবে বাস্তবায়ন করবে এটি জাতি জানতে চায়। সারা দেশের মানুষ এই দাবির পক্ষে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী একদিকে আমাদের সন্তানদের ঘরে যেতে বলছেন, অন্যদিকে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে। তাহলে কোনটা চলবে?’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২৫ বছর আগে রক্তক্ষরণ নিয়ে স্বজন হারিয়ে আমি এ আন্দোলন শুরু করেছিলাম। যাতে আমার সন্তানের মতো, আমার মতো এই ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত এই দেশের মানুষ যেনও আর সড়কে নিষ্পেষিত না হয়। আজকে এই অবস্থা থেকে বাঁচতে কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমি সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটি মানুষের প্রাণের দাবি। এদেশের মানুষ আর সড়কে মরতে চায় না। পঙ্গুত্ববরণ করতে চায় না। আমরা যে নির্দেশনাগুলো দিয়েছিলাম সড়ক নিরাপত্তার জন্য, সেটি যদি আগে থেকে বাস্তবায়ন করা হতো, তাহলে আজ এই পরিণতি দাঁড়াতো না।’
ইলিয়াস কাঞ্চন বলেন, 'আগামী ৫ তারিখে আমার সন্তানের কাছে যাওয়ার কথা ছিল। সেটা আমি ক্যানসেল করেছি। আমি আমার একজন সন্তানের কাছে যাচ্ছি না, আমি আমার এদেশের হাজারো সন্তানের কাছে দাঁড়িয়ে আছি। যে কমিটি হয়েছে সেই কমিটিতে থেকে যেন সুষ্ঠু বিচার আনতে পারি সেজন্য আমি যাওয়া বন্ধ করেছি।’
আরও পড়ুন- সরকারকে শর্ত দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চনের