জিগাতলায় শিক্ষার্থীদের ধাওয়া করলো পুলিশ

শিক্ষার্থীরা পুলিশের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করছেরাজধানীর শাহবাগ ও সাইন্সল্যাব থেকে জিগাতলার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় রাইফেলস্কয়ারের কাছে পুলিশ ধাওয়া দিয়েছে শিক্ষার্থীদের। পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে গেছেন শিক্ষার্থীরা। রবিবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী শাহাবাগ ও সাইন্সল্যাব এলাকায় অবস্থান নেন। সেখান থেকে তারা শ্লোগান দিতে দিতে ঝিগাতলার দিকে যাচ্ছিলেন। তারা রাইফেলস্কয়ারের কাছে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি অন্তত ২৫ রাউন্ড ফাকাগুলি ছোড়ে। আন্দোলনকারীরাও ইটপাটকেল ছোড়ে। এসময় ৫/৭ জন শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীদের দুজনের পরিচয় জানা গেছে। তার হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান অপু ও ইতি।

আজ আন্দোলনে নামা শিক্ষার্থীদের দাবি ছিল, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও গতকালের হামলার প্রতিবাদ ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জিগাতলা সংলগ্ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গেটের সামনে বিপুল পরিমাণ বিজিবি-পুলিশ মোতায়েন করা হয়েছে। জিগাতলায় আটকে পড়া শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্টার কাবারের সামনে ছাত্রদের ধাওয়া দেয় পুলিশ। দুপুর ২টার দিকে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজ ছাত্রলীগ। সেখানে সাংবাদিকসহ সবাইকে ধাওয়া দেয় ছাত্রলীগ। পরে ছাত্রলীগ ল্যাবএইডের সামনে সাংবাদিকদের ওপর হমলা করলে সাংবাদিকরা ওই এলাকা ত্যাগ করেন।