‘গাড়িতে ওঠার আগে লাইসেন্স আছে কিনা তা চেক করি’

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নতুন প্রজন্ম আমাদের চোখ খুলে দিয়েছে। ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। আমি গাড়িতে ওঠার আগে লাইসেন্স রয়েছে কিনা তা সবসময় চেক করে উঠি।’

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে বিশৃঙ্খল কাজে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বিশৃঙ্খল কাজ যাতে জড়িয়ে না পড়ে, সেই মোটিভেশন করতে হবে শিক্ষকদের।’

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলন সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু হঠাৎ করে তাদের আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছে। অন্যকেউ তাদের ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে ছাত্ররা বিরূপ কোনও পরিস্থিতির সম্মুখীন হলে তারা দাবির জায়গা থেকে সরে যাবে।

তিনি বলেন, সরকার ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। কিছু বাস্তবায়নও করেছে। বাকি কিছু দাবি বাস্তবায়ন করতে সময় লাগবে। শিক্ষার্থীর কাছে আহ্বান জানাই তারা যেন নিয়মিত ক্লাসে ফিরে যায়।