‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনের শক্তিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে’




সংসদীয় কমিটির বৈঠক

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনকে ভিন্নখাতে প্রভাহিত করতে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সরকারের এমন অবস্থানের কথা তিনি জানান।সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র জানায়,সংসদীয় কমিটি সরকারের এ অবস্থানকে স্বাগত জানিয়েছে। তবে কোনোভাবেই যেন শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ না হয় সে বিষয়ে সর্তক করা হয়েছে। কমিটি শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফেরাতে শিক্ষককে মোটিভেশন করারও সুপারিশ করেছে।
বৈঠক কমিটির সভাপতি টিপু মুনশি সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সদস্য মো. মোজাম্মেল হোসেন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।
বৈঠকের বিষয়ে কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, “বৈঠকের এজেন্ডায় না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ঘটনার শুরুতে একটা ইমোশন ছিল। কিন্তু এখন তা অন্যখাতে প্রবাহিত করার দূরভিসন্ধি করা হচ্ছে। ঘটনার সঙ্গে একটি গোষ্ঠী জড়িত হয়ে পড়েছে তা এখন প্রমাণিত বলে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আন্দোলনের পেছনে থেকে যারা কলকাঠি নাড়াচ্ছে তাদেরকে শক্তহাতে মোকাবিলা করা হবে।’”
কমিটির সভাপতি বলেন, ‘আমরা কমিটির পক্ষ থেকে আন্দোলন মোকাবিলার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনার সুপারিশ করেছি। তাদের ওপর কোনোভাবে যেন বল প্রয়োগ না হয় সে পরামর্শ দিয়েছি।’
জানা গেছে, বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি নিয়ে যাতে অপপ্রচার না ছড়ায় সেজন্য পুলিশের পক্ষ থেকে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া বন্ধের কথা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর সম্মতি না থাকায় বিষয়টি বাস্তবায়ন করা হয়নি বলে বৈঠকের আলোচনায় উঠে আসে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের ফোনালাপ ও তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টিও আলোচনা হয়েছে।
জানা গেছে, বৈঠকে সরকার দলের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমরা টানা ১০ বছর ক্ষমতায় আছি। সরকারের শেষ সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কা ছিল। কাজেই আগে থেকেই এ ধরনের ঘটনার মোকাবিলার প্রস্তুতি রাখা উচিত ছিল। ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকা উচিত ছিল।’
জানা গেছে, বৈঠকে আন্দোলন দমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এর থেকে বড় আন্দোলন মোকাবিলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এটা দমন আমাদের জন্য বড় কিছু নয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিস্থিতি ধৈর্য সহকারে হ্যান্ডল করার।’
বৈঠকে কমিটি বিদেশের ১৫টি মিশনের পাসপোর্ট-ভিসা উইং থেকে অর্জিত অর্থের হিসাবের প্রতিবেদন প্রতিমাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ারও সুপারিশ করে।