রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু রবিবার

 

 

দিয়া খানম মিম ও আব্দুল করিম

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় আন্ডারপাস নির্মাণের কাজ আগামী রবিবার উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্মাণকাজ উদ্বোধন করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত ২৯ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। তারা হলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজু ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম। এর জেরে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। তারা নয় দফা দাবি জানান।

ওবায়দুল কাদের জানান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অর্থায়নে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই আন্ডারপাস নির্মাণ করবে।

এই আন্ডারপাস ছাড়াও রাজধানীতে আরও দুটি আন্ডারপাস হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) আমাকে আরও দুটি আন্ডারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন। এরমধ্যে একটি হবে সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সংসদ ভবন পর্যন্ত। অন্যটি হবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দরের মূল কমপ্লেক্স পর্যন্ত।’ দ্রুত এর কাজ শুরু হবে বলেও কাদের জানান।

এ সময় তিনি শিক্ষার্থীদের নয় দফা দাবি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

সড়কের বিশৃঙ্খলা দীর্ঘস্থায়ী হতে পারে না মন্তব্য করে ওবায়দুল কাদের জানান, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত সরকারের সমন্বিত কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শ্রম বিষয়ক সম্পদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।