এবারও বঙ্গমাতার জন্মদিনে জাতীয়ভাবে উদযাপিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিবসটি জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
জন্মদিন উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য মিডিয়া এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দিবসটি উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে।
জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল।
যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগও বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেসার কবরে শ্রদ্ধা জানাবে।
বঙ্গমাতা পরিষদ বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা সভা এবং গুণীজনদের মধ্যে পুরষ্কার বিতরণের আয়োজন করেছে। খবর বাসস।