৩৮তম বিসিএস পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ, এক প্রার্থী বহিষ্কার





সরকারি কর্ম কমিশন (পিএসসি)৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রথম দিন বুধবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এতে প্রায় ৯০ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন। অসুদোপায় অবলম্বনে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন ঈশিতা এ তথ্য জানিয়েছেন।
ইশরাত শারমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর গণভবন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন।’
পিএসসির চেয়ারম্যান ড. মো. সাদিকের বরাত দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয় যে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের আস্থা বাড়ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি স্বচ্ছভাবে, সুষ্ঠু প্রক্রিয়ায় পরীক্ষা নিতে।’
আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই বিসিএসের আবশ্যিক এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।