দুর্ঘটনা রোধে ঈদের পর তিনদিন মহাসড়কে থাকবে র‌্যাব

বেনজীর আহমেদবেপরোয়া গতিতে ও হেলপার দিয়ে গাড়ি চালানো, ওভার টেকিংয়ের কারণে ‍দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে ঊদের পর তিনদিন মহাসড়কে বাড়তি চেক পোস্ট বসাবে র‌্যাব। আগামী ২৩,২৪ ও ২৫ আগস্ট মহাসড়কে এ বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

শনিবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি, টানা গাড়ি চালানোর পর ঈদের পরবর্তী সময়ে ড্রাইভারদের পরিবর্তে হেলপাররা গাড়ি চালান। রাস্তা ফাঁকা পেয়ে তারা বেশি গতিতে গাড়ি চালান। এতে করে অনেক প্রাণহানি ঘটেছে। এবার এসব ঠেকাতে ঈদের পর তিনদিন মহাসড়কে আমাদের চেকপোস্ট থাকবে। লাইসেন্সবিহীন কেউ যাতে গাড়ি চালাতে না পারে।’

গাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘মালিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা হেলপারদের কাছে গাড়ি দেবেন না। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক গাড়ি অফরোডে রয়েছে। যেগুলোর ফিটনেস বা সঠিক কাগজ নেই। যে কারণে চাপ হবে আমরা ধারণা করেছিলাম। কিন্তু এখনও খুব একটা সংকট তৈরি হয়নি।’