জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের মতোই সংবিধান অনুযায়ী বাংলাদেশেও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গ্রামের মানুষ নির্বাচনি আমেজে আছে।‘বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে।’
রবিবার (২৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় বর্তমান সরকারই অন্তবর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। সংসদ অব্যাহত থাকবে। তবে সেপ্টেম্বরে যে অধিবেশন ডাকা হয়েছে, এটি সম্ভবত এই সংসদের শেষ অধিবেশন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেটি সংবিধান অনুযায়ী পরিচালিত হবে।’
অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের বাকি আছে মাত্র চার মাস। যারা নির্বাচন করবে তারা তো মাঠে থাকবে। আর কেউ যদি মাঠে না থাকে তাহলে তো আর আমাদের কিছু করার নাই। আমরা আওয়ামী লীগ মাঠে আছি। আমি প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে বেড়িয়েছি। জনগণ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে এক অন্য ধরনের উচ্চতায় নিয়ে গেছেন। দেশব্যাপী উন্নয়ন হচ্ছে।’