মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের সিন্ডিকেটকে শোকজের ঘোষণা মন্ত্রীর


সাংবাদিবদের সঙ্গে কথা বলছেন মন্ত্রীমালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে সে দেশের সরকার বাংলাদেশকে কিছু জানায়নি। তাই ভুক্তভোগীদের দরখাস্ত দিয়ে অভিযোগ করতে বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্ন ও তোপের মুখে শ্রমিক নিয়োগের সিন্ডিকেটকে শোকজ করার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যেই ১০ এজেন্সির কথা বলা হচ্ছে তাদের আমরা নিয়ন্ত্রণ করি না। তাদের মালয়েশিয়া সরকার কাজ দিয়েছে। যেহেতু একটা অভিযোগ উঠেছে আমি তাদের শোকজ করবো, জানতে চাইবো এমন কেন করেছে তারা। এর আগে এই বিষয়ে ডাটা কালেক্ট করে নিই।’

সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমার পরিবারের কেউ ঢাকাতে আসেও না, ম্যানপাওয়ারের ব্যবসাও করে না।’
এছাড়া সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসে যেসব অভিযোগ আসছে তা নিয়ে কথা বলারও প্রতিশ্রুতি দেন তিনি।