রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টের প্রশংসা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম বলেছেন, ‘গত এক বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এবং আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’
বুধবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিসমটেক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য নেপাল সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন শাহরিয়ার আলম।
তিনি বলেছেন, ‘এই রিপোর্ট রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তাদের ওপর করা নির্যাতনের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।’
টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘১১ লাখ রোহিঙ্গার মধ্যে কয়েক হাজার জনকে পাঠানোর পর যদি সেখানে তাদের ওপর জুলুম করা হয় তবে গোটা প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।’
এদিকে সোমবার (২৯ আগস্ট) জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের রিপোর্টে বলেছে, ‘গণহত্যার মনমানসিকতা’ নিয়ে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। মিয়ানমার সেনাবাহিনী প্রধান মিং আং হ্লাইং ছাড়াও তারা পাচঁজন সামরিক বাহিনীর কর্মকর্তার শাস্তি দাবি করেছে। এছাড়া এসব ঘটনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে তারা পরোক্ষভাবে দায়ী করেছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ির ওপর হামলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা সেটা করছি।’